বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশ। এ ঘটনার পর শনিবার (১৫ মার্চ) তাকে ছাত্রশিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার খবর পাওয়ার পর জেলা কমিটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির রিপোর্টে মাইনুল ইসলাম পলাশের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় জরুরি বৈঠক করে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে গৌরনদীর বদরপুর গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে মাইনুল ইসলাম পলাশকে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মাইনুল ও প্রবাসীর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাইনুল ও প্রবাসীর স্ত্রীকে জনরোষ থেকে রক্ষা করে থানায় আনা হয়। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেন, মাইনুল ইসলাম পলাশ ২৫তম সেশনে দায়িত্ব পেয়েছিলেন। তবে তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন দাবি করেন, মাইনুল ইসলাম পলাশকে ইতিমধ্যে শিবির থেকে বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।

