Site icon dbarta24.com

স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে ছাত্রদল নেতার  ধর্ষণচেষ্টা:  মামলায় আসামি ২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর বাবা রাতেই অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় মামলা করেন।

আসামিদের মধ্যে একজন হলেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন (২৫)। অন্যজন তার সহযোগী মামুন হোসেন (১৮)। উভয়ই তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুনসহ কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করত। তারা নানা রকম কুপ্রস্তাব দিত, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার রাতে ৩-৪টি মোটরসাইকেলে কয়েকজন লোক তার বাড়িতে আসে। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রতন ও মামুন তাকে মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রী ও তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা চাটমোহর থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, অভিযুক্ত রতন তাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দোষী ব্যক্তির বিচার হওয়া উচিত।

Exit mobile version