Site icon dbarta24.com

৮ মাসের শিশুর প্রতি নির্মমতা: মায়ের বিরুদ্ধে হাত-পা ভাঙার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ৮ মাস বয়সী শিশু সিজান আহমেদের হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার সিজানের বাবা আশরাফুল ইসলাম সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। শিশুটির দুই হাত ও পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তীব্র ব্যথায় সে প্রায়ই কেঁদে উঠছে।

ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ সকালে। আশরাফুল ইসলামের বাড়ি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামে। তিনি স্থানীয় একটি কংক্রিটের বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। আশরাফুলের স্ত্রী এবং সিজানের মা পারিবারিক কলহের জেরে শিশুটির হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ। এরপর তিনি বাবার বাড়ি চলে যান।

ঘটনার দিনই সিজানকে মদনপুরের বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাঁ হাতের কাঁধ, ডান হাতের কনুই এবং বাঁ পায়ের হাঁটু ভাঙা অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। প্লাস্টার করার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। মায়ের অনুপস্থিতিতে সিজানকে এখন প্যাকেটজাত দুধ খাওয়ানো হচ্ছে।

আশরাফুল ইসলাম বলেন, ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই তার স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি হতো। এমনকি স্ত্রী কয়েকবার দা-বটি নিয়ে তার ওপর আক্রমণ করেছে এবং তার মাকেও মারধর করেছে। তিনি আরও বলেন, দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে এতদিন তিনি চুপ ছিলেন, কিন্তু এবার আর সহ্য করতে পারছেন না।

স্থানীয় সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি সেলিম সরকার বলেন, শিশুটির বাবা তার কাছে বিচার চাইতে গিয়েছিলেন। তিনি বলেন, “শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। শিশুটির বাবাকে থানা পুলিশের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, শিশুটির বাবা অভিযোগ দিয়েছেন এবং শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, “তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version