Site icon dbarta24.com

সমন্বয়কের নেতৃত্বে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, টাকা লুট

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় তার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এ কাজে অংশ নেয় বলে জানা গেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার কাছে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা সেখানের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায় এবং অফিস কক্ষে রাখা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সেখানে থাকা সিসিটিভি ও হার্ডডিক্স ভেঙে ফেলার অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। এর আগেও তাদের কাছে সানি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ তাদের। এদিকে মডেল মসজিদের সাইটে হামলার পর পরই পিরোজপুরের বলেশ্বর ব্রিজের টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। বিক্ষুব্ধ জনতা ভাঙছে, এতে আমার নাম বলার কী আছে?

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ওখান দিয়ে ছাত্রজনতা গেছে। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি, এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না।

Exit mobile version