Site icon dbarta24.com

৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬৬ বছরের এক বৃদ্ধের সঙ্গে ২২ বছরের এক কলেজছাত্রীর বিয়ে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি তাদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাইরাল ছবি

গত শনিবার (২২ মার্চ) পাটগ্রাম উপজেলার দক্ষিণ কোর্টতলি এলাকায় এই বিয়ে সম্পন্ন হয়। বর পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টতলি এলাকার শরিফুল ইসলাম (৬৬) এবং কনে একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আইরিন আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে অধ্যয়নরত আইরিনের সঙ্গে শরিফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় ছিল। আর্থিকভাবে অসচ্ছল আইরিনের পড়াশোনার খরচ বহন করতেন শরিফুল ইসলাম। তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করে সেই টাকার লভ্যাংশ দিয়ে আইরিনের পড়াশোনা চালিয়ে আসছিলেন।

পারিবারিক অসম্মতি, তবু বিয়ে

আইরিন আক্তার জানান, ‘অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি আমার পড়াশোনায় সহায়তা করেছেন এবং বন্ধুর মতো পাশে ছিলেন। আমি সম্পূর্ণ স্বজ্ঞানে তাকে বিয়ে করেছি। তবে আমার বাবা রাজি ছিলেন না। শেষ পর্যন্ত মা ও ভাই এসে বিয়ের ব্যবস্থা করেন।’

স্থানীয়দের মতে, আইরিনের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় ছোটবেলা থেকেই শরিফুল ইসলাম তার শিক্ষা সহায়তা করে আসছিলেন। তাদের মধ্যে পারস্পরিক সম্মতিতেই বিয়ে হয়েছে।

‘নানা’ থেকে স্বামী!

বৃদ্ধ শরিফুল ইসলাম বলেন, ‘আইরিন ছোট থেকেই অনেক মেধাবী। আমি তার পড়াশোনায় সহায়তা করতাম, সে আমাকে নানা বলে ডাকত। হঠাৎ সে জানায়, আমাকে বিয়ে করবে। প্রথমে আমি অবাক হয়ে কিছুদিন তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত আমি রাজি হই। আমাদের জন্য দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।’

স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া

পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার রবিউল ইসলাম বলেন, ‘৬৬ বছরের এক বৃদ্ধ তার সম্পর্কে নাতনিকে বিয়ে করেছেন। বিষয়টি আমরা জানি।’

এ বিয়ে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ বয়সের বিশাল পার্থক্যের কারণে সমালোচনা করছেন।

Exit mobile version