বগুড়া ব্যুরো: বগুড়ার ধুনটে ইফতারের পর এক ব্যবসায়ী তার বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন। অভিযুক্ত মাহমুদ হোসেন (৪০) নামের এই ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মাহমুদ হোসেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করেন।
আরও পড়ুন : চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩
ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। ফসলের মাঠ থেকে সবজি তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করতেন।
এভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে মাহমুদের বন্ধুত্ব গড়ে ওঠে। এই সুযোগে মাহমুদ অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াত করতে থাকেন এবং একপর্যায়ে গৃহবধূর প্রতি তার কুদৃষ্টি পড়ে।
আরও পড়ুন : গাজীপুরে স্ত্রী-সন্তানকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’
১৯ মার্চ ইফতারের পর গৃহবধূর স্বামী বাজারে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ফিরে মাহমুদকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পর মাহমুদ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে বগুড়ার আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এখন অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

