Site icon dbarta24.com

সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার

ময়মনসিংহ প্রতিনিধি: সন্তান লাভের আশায় কবিরাজের কাছে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। বিয়ের তিন বছর পরও সন্তান না হওয়ায় তিনি কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু কবিরাজ সন্তান দেওয়ার নাম করে তাকে ধর্ষণ করেন।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) কবিরাজ আব্দুল খালেক (৬৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী (৩৬) একই উপজেলায় স্বামীর সাথে বসবাস করেন। এলাকায় কবিরাজ হিসেবে আব্দুল খালেকের খ্যাতি রয়েছে। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ঔষধে সব রোগ ভালো হয় বলে প্রচারণা রয়েছে। সন্তান না হওয়ায় ভুক্তভোগী নারী কবিরাজের কাছে যাতায়াত শুরু করেন। কবিরাজ তাকে নিশ্চিত সন্তান হওয়ার আশ্বাস দেন এবং এতে ১৫ হাজার টাকা নেন।

৮ মার্চ ভুক্তভোগী নারী আবারও কবিরাজের বাড়িতে যান এবং সন্তান হতে আর কতদিন লাগবে জানতে চান। এ সময় কবিরাজ তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর নারী থানায় অভিযোগ দায়ের করেন।

মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নারী মৌখিক অভিযোগ দেন। রাতেই কবিরাজ আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। শনিবার নারী লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কবিরাজকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে।

Exit mobile version