Site icon dbarta24.com

যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের প্রায় দুই ঘণ্টা ফোনালাপ

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে (বাংলাদেশ সময়) শুরু হওয়া এই আলোচনায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প পুতিনকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে পুতিন এখনও এ প্রস্তাবে পুরোপুরি সম্মতি দেননি।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প পুতিনকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দেন। পুতিন গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যুদ্ধবিরতি সম্ভব, তবে তা হতে হবে মূল সমস্যা সমাধানের ভিত্তিতে।

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো এক টুইটে জানান, আলোচনা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন কর্মকর্তারা ফোনালাপের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে স্কাভিনোর পোস্ট থেকে স্পষ্ট হয়, ট্রাম্প ও পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন।

তিন বছরের যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, তাদের স্বার্থ রক্ষা হলেই কেবল তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। এই আলোচনা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version