Site icon dbarta24.com

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান  তুলসী গ্যাবার্ড। তিনি সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের একটি বড় কারণ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলামপন্থি সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন গ্যাবার্ড।

এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ।”

তুলসী গ্যাবার্ড আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন এখনও আমাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে।”

সাক্ষাৎকারে তিনি ইসলামিক খিলাফতের আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ ধরনের পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে পরিচালিত—যা হলো ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন প্রতিষ্ঠা করা। এটি অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়।”

গ্যাবার্ড আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প এ ধরনের আদর্শকে ‘কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Exit mobile version