নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ষণ’ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপির পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে সাজ্জাত আলী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুন্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।
এর আগে গত শনিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাজ্জাত আলী গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান। তিনি বলেন, “আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এই দুইটা শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হল- ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা ‘নারী নির্যাতন’ বলবেন, ‘নারী নিপীড়ন’ বলবেন।”
তিনি আরো বলেন, “আমাদের যে আইনটি আছে, এটাও ‘নারী ও শিশু নির্যাতন’, ‘এখানেও কোনো এ ধরনের শব্দ…মূল হেডিং ‘নারী ও শিশু নির্যাতন আইন’। সো যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।
ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের ‘তীব্র নিন্দা’ জানিয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “ধর্ষণ যে কোনো বয়সের ব্যক্তির বিরুদ্ধেই সংঘটিত হোক- আট বছরের শিশুর হোক বা ৮০ বছরের বৃদ্ধার, এটি একটি গুরুতর অপরাধ এবং একে যথাযথ নামেই ডাকতে হবে।

